রসিক নির্বাচনকে ঘিরে ব্যস্ত সম্ভাব্য মেয়র প্রার্থীরা

 শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো ॥  আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য মেয়র প্রার্তীরা। এটি দলীয় প্রতিকে প্রথম নির্বাচন হওয়ায় দলের মনোনয়ন পেতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দোড়ঝাপ করছে সম্ভাব্য মেযর প্রার্থীরা।

আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন শুরু করে দিয়েছে। আর নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে পোস্টার, ব্যানার ও বিল বোর্ড টাঙ্গিয়েছেন অনেকে। মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থী ঢাকার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের সঙ্গে অনেকে আবার সখ্য গড়ে তুলছেন। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা।

আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা এখানে যাচাই-বাছাই করে প্রার্থী না দিলে সিটি কর্পোরেশন তাদের হাতছাড়া হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সরফুদ্দিন আহমেদ ঝন্টু। মনোনয়ন পাওয়ার চেষ্টায় দৌড়ঝাঁপ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান, মহানগর সভাপতি সাফিউর রহমান সফি, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মিলন, রাশেক রহমান ও ড. জয়নুল আবেদীন। সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, তিনি দলের নেতাকর্মী ও এলাকার মানুষের সঙ্গে আছেন। তিনি অশাবাদী, দল তাকেই মনোনয়ন দেবে। তার সমর্থকরা মনে করেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয়ী হবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য চৌধুরী খালেকুজ্জামানও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি নৌকা মার্কা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। তিনি বলেন, গত নির্বাচনে প্রার্থী ছিলাম, এবারো মনোনয়ন পাব। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম মিলন প্রচারণা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও মিঠাপুকুর আসনের এমপি আশিকুর রহমানের ছেলে রাশেক রহমানও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জয়নুল আবেদীনও ভোটের প্রচারণায় নেমেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান মেয়র পদে একজনের নাম ঘোষণা করলেও মাঠে প্রচারণা চালাচ্ছেন ৩ জন। মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সিটি নির্বাচনে মেয়র পদে জাপার প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৫ মাস আগেই। এরপর থেকেই তিনি ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, আমি আশাবাদী এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করব। প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি দ্বিতীয় হয়েছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র আবদুর রউফ মানিকও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আগে ৮ বছর পৌর মেয়র ছিলেন এবং গত নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে হেরে যান। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। এমনকি জাতীয় পার্টি করলেও তিনি দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দিয়ে সেই দলের মনোনয়ন পেতে চান।

দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত উপেক্ষা করে তার ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ প্রতিদিনই পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, গত নির্বাচনে জাতীয় পার্টির ভুলের কারণে মেয়র পদটি হারাতে হয়। শেষ পর্যন্ত দল থেকে যদি তাকে মনোনয়ন দেয়া না হয় তাহলে এরশাদের পরিবারের সদস্য হিসেবে মেয়র পদে তিনি নির্বাচন করবেন। মহানগর বিএনপির সহসভাপতি পদে রয়েছেন কাওসার জামান বাবলা। তিনি গত সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৫ হাজার ভোট পেয়েছিলেন। এবারো নির্বাচন করবেন বলে পোস্টার ব্যানার সাটিয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রচারণা শুরু করেছি। দলের কাছে মনোনয়ন চাইব, আশাকরি দল আমাকে নিরাশ করবে না। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুও মেয়র পদে নির্বাচন করবেন বলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ইতোমধ্যে নগরীর ৩৩টি ওয়ার্ডে ৬৬ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি।

এ ছাড়া মেয়র পদে ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য কাজী মাজিরুল ইসলাম লিটন, বাসদের জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুসও প্রচারণা চালাচ্ছেন। যদিও গত নির্বাচনে তারা অংশ নিয়ে জামানত খুইয়েছিলেন। মেয়র পদে আরো প্রচারণা চালাচ্ছেন জাসদ (আম্বিয়া) রংপুর মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাসুদ-নবী-মুন্না ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবুও। গত ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। বর্তমানে এ সিটি কর্পোরেশনে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি। পাঁচ বছর আগে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।