শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে সড়ক দুর্ঘটনায় কমিউনিটি মেডিক্যাল কলেজের ছাত্র নিহতের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মেডিকেল শিক্ষার্থীরা। নিহত মেধাবী ছাত্র আকিব সিহাম রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের ডেপুটি ডিরেক্টর আশরাফুল ইসলাম আলামিন, ভাইস প্রিন্সিপাল ডাঃ ওয়াদুদ মোস্তফা, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মামুনুর রহমান, প্রভাষক দিদারুল ইসলাম, গীতা রানী, শিক্ষার্থী অংকন, বর্নমী, আপন, রঞ্জন, অনিক, সৌমিক, বাপ্পী প্রমুখ।
বক্তারা বলেন, মহানগরীর ধাপ এলাকার ডাঃ মোঃ সিরাজুল ইসলামের ছেলে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের (৫ম ব্যাচ) মেধাবী ছাত্র আকিব সিহাম গত মঙ্গলবার দুপুরে মর্ডাণ মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। ঘাতক ট্রাক্টরটি ছিল রেজিষ্ট্রেশনবিহীন। বক্তারা সড়ক ও মহাসড়কে রেজিষ্ট্রেশন বিহীন ও ব্যাটারী চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করা, নিরাপদ চলাচলের নিশ্চয়তার দাবি জানিয়েছেন। এবং দ্রুত দোষিদের গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানান।




