যশোর প্রতিনিধি: যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগীতা। আজ সকাল ১০টায় যশোর কালেক্টরেট স্কুলে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অলিম্পিয়াডে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল খালেক, টিচার্স ট্রেনিং কলেজ যশোরের অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন খান, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে হলে বিজ্ঞানের বিকল্প নেই। শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করেন তিনি।
আজ থেকে শুরু হওয়ায় সপ্তাহব্যাপী এ বিজ্ঞান অলিম্পিয়াডে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ৫২টি প্রজেক্ট উপস্থাপন করেছেন। এছাড়া শতাধিক শিক্ষার্থী বির্তক প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।




