যশোর অফিসঃ যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে প্রবেশের সময় প্রতিপক্ষের হামলায় জেলা যুবলীগের সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন ছুরির আঘাতে আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিবুল আলম (৪২), শহরের রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন (২২), শহরের কারবালা এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (৩০) , ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকার মৃৃত রাকিব শিকদারের ছেলে আশরাফুল কবির শিকদার (৪০) ও ইসালি ইউনিয়নের জগমোহনপুরের খোকার ছেলে সুমন (১৮)।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, জখম চারজনের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রাজিবুল ও বিপ্লব ছুরিকাহত। বাকি দুজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে।




