যশোরে প্রকাশ্যে অস্ত্র বের করে হুমকি ছাত্রলীগ সভাপতির

যশোরে প্রকাশ্যে অস্ত্র বের করে হুমকি ছাত্রলীগ সভাপতির
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নিলয়ের দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র বের করে এক ব্যবসায়ীকে হুমকি দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
আজ বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার গদখালী বাজারের তবিবুর রহমান তবি নামে এক ব্যবসায়ীর দোকানে গিয়ে এ ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা হুমকি ধামকি দেয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
স্থানীয়দের তথ্য মতে, পানিসার গ্রামের হবি নামে এক কলেজ ছাত্র দুপুর ১টার দিকে গদখালী বাজার থেকে ভ্যানে করে ঝিকরগাছার দিকে যাচ্ছিলো। এসময় রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে বার বার হর্ণ বাজাচ্ছিলেন ওই বাজারের ব্যবসায়ী তবিবুর রহমান তবির ছেলে হৃদয়। বার বার হর্ণ বাজানোর কারণে হবি পিছনে ফিরে তাকালে হৃদয় ট্রাক থেকে নেমে তাকে থামতে বলে। এরপর পিছনে তাকানোর কারণ জানতে চায়।
এসময় হৃদয় কথা কাটাকাটির একপর্যায়ে হবিকে মারপিট করে। সে গ্রামে ফিরে গিয়ে বন্ধুদের জানালে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নিলয়সহ তার কয়েক সহযোগী বিকেল ৪টার দিকে গদখালী বাজারে গিয়ে হৃদয়ের পিতা তবিবুর রহমান তবির দোকানে গিয়ে অস্ত্র বের করে হুমকি ধামকি দেয় এবং ত্রাস সৃষ্টি করে। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য ধরা পড়ে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।
এদিকে ঘটনার পর পুলিশ অভিযান শুরু করায় মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন শাহরিয়ার নিলয়। এ বিষয়ে ঝিকরাগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, হুমকি ধামকির বিষয়টি তারা শুনেছেন। সত্যতা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।