যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম। এসময় দুই কালোবাজারিকেও আটক করা হয়েছে। আজ বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে ওই চাল জব্দ ও আসামিদের আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানান, আজ বিকেলে তারা করোনার প্রভাবে কর্মহীন মানুষের জন্য সরকারি ত্রাণের চাল মজুদ করা হয়েছে এমন সংবাদ পান। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে সেনা, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল সদর উপজেলার শানতলা এলাকায় অভিযান চালায়।
এসময় একটি গুদাম থেকে খাদ্য বিভাগের সিল মারা ৮০ বস্তা চাল জব্দ করা হয়। ওই বস্তায় মোট ৪ হাজার কেজি চাল ছিল। এসময় রাকিব হাসান ও হাসিবুল হাসান নামে দুইজনকে আটক করা হয়। জীজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের হেফাজতে আরো সরকারি চাল আছে। ওই চাল উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।




