যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় আগুনে দগ্ধ হয়েছে পুতুল রানী (১৬) নামে ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। এ ঘটনায় তার স্বামী প্রদীপও (২০) দগ্ধ হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঝিকরগাছা উপজেলার কাউরিয়া দাসপাড়ায় মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ পুতুল রানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। প্রতিবেশিরা প্রদীপের বিরুদ্ধে পুড়িয়ে হত্যার অভিযোগ তোলায় পুলিশ তাকে আটক দেখিয়েছে। প্রদীপ পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশি জানিয়েছেন, রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশিরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঝগড়ার কারনে প্রদীপ তার স্ত্রীর গায়ে আগুন দিতে পারে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস চৌধুরী জানান, রাত ৩টার দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এছাড়া আহত প্রদীপের দুই হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত প্রদীপ জানিয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সাথে ঝগড়া হয়।
এক পর্যায়ে পুতুল ঘরের বাইরে যেতে চাইলে তিনি বাধা দেন এবং দরজা আটকে শুয়ে পড়েন। পুতুল ক্ষিপ্ত হয়ে পাশের ঘরে গিয়ে নিজের শরীরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তৎক্ষনাত তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তার দু’হাত পুড়ে যায়। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।
প্রদীপ দ্যা নিউজকে জানান, তিনি পুতুলকে খুব ভালোবাসেন। এক বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহন করে তিনি পুতুলকে বিয়ে করেছিলেন। এ সময় আলআমিন নাম ত্যাগ করে প্রদীপ নাম গ্রহন করেন। পুতুলের গায়ে আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে, প্রতিবেশিদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক দ্যা নিউজকে বলেন, আমরাতো শুধু ছেলের বক্তব্য শুনেছি। সে দাবি করেছে তার স্ত্রী নিজে গায়ে আগুন দিয়েছে। মেয়ের বক্তব্য পেলে বিষয়টি পরিস্কার হবে। আপাতাত প্রদীপকে আটক দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।