× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ACP
হালনাগাদ: শনিবার, ১ আগস্ট, ২০২৬
মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন শ্রেণির বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মাসিক সম্মানী ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুদান এবং বাংলা নববর্ষ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের ক্ষেত্রেও ভাতা ও অনুদানের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং মন্ত্রণালয় প্রণীত সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের ভাষ্য, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা, তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যেই ভাতা ও অনুদান বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারীরা এখন থেকে মাসিক ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। এ ছাড়া তাদের জন্য উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। তাদের ক্ষেত্রেও উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা রাখা হয়েছে।

শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য মাসিক মূল সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা ২ হাজার টাকা, খাদ্য ভাতা ৫ হাজার টাকা, উৎসব ভাতা ২৩ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা দেওয়া হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাগ করে নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির, অর্থাৎ ৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা পাবেন। ‘খ’ শ্রেণির, অর্থাৎ ৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতা ২৮ হাজার টাকা। ‘গ’ শ্রেণির, অর্থাৎ ২০ থেকে ৬০ শতাংশ অক্ষম বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণির, অর্থাৎ ১ থেকে ১৯ শতাংশ অক্ষম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকার মুক্তিযুদ্ধের বীর সন্তান এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সর্বশেষ ভাতা বৃদ্ধি সেই ধারাবাহিকতারই অংশ, যা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..