মুকুলের হাত ধরেই বিজেপিতে তৃণমূল বিধায়কসহ বহু কাউন্সিলর

ফের বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেসে। বিজেপিতে যোগ দিতে চলেছেন শাসকদলের আরও এক বিধায়ক। বিজেপিতে যোগ দিতে চলেছেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। ইতিমধ্যে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা।

আজ সোমবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন সুনীল। শুধু তিনি একা নন, শাসকদলের এই বিধায়কের সঙ্গেই তৃণমূল ছাড়বেন বহু কাউন্সিলর। রয়েছেন অনুগামী তৃণমূল নেতা কর্মীরাও। যা কিনা শাসকদলের কাছে অবশ্যই বড় ধাক্কা।

একই সঙ্গে আজ বিজেপিতে যোগ দিতে পারেন সোমনাথ তালুকদার। তৃণমূল বোর্ডের আমলে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। বিজেপি বোর্ডে তাঁকেই ফের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সোমনাথবাবু ভাইস চেয়ারম্যান হলেও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেননি। তিনি জানিয়েছেন, আজ সোমবার দিল্লি যাব। আমার সঙ্গে বারাকপুর-১ পঞ্চায়েত সমিতির দুজন সদস্য রয়েছেন। আমরা সেখানেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। আর এই যোগদান অনুষ্ঠানেই প্রথম সারিতেই থাকবেন সুনীল, এমনটাই জানা যাচ্ছে। দিল্লিতে বিজেপি সদর দফতরে মুকুল-কৈলাশের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন তাঁরা।

শুধু নোয়াপাড়ার বিধায়কই নন, তৃণমূল কংগ্রেস দলের গারুলিয়া পুরসভার পুর প্রধান সুনীল সিং। ফলে তাঁর সঙ্গে এই পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলরকেও সঙ্গে নিয়ে গিয়েছেন বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ আত্মীয়। খোদ চেয়ারম্যানের দলত্যাগে গারুলিয়া পুর বোর্ড এরফলে তৃণমূলের হাত ছাড়া হতে চলেছে। উল্লেখ্য, গারুলিয়া পুরসভায় মোট ২১ টি আসন রয়েছে। এর মধ্যে ১৯ টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। বাকি দুটি আসনের মধ্যে ১ টি ছিল কংগ্রেসের ও একটি ফরোয়ার্ড ব্লকের দখলে। তৃণমূল কংগ্রেস দলের ১৯ জন কাউন্সিলরের মধ্যে পুরসভার উপ পৌরপ্রাধন সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূলের ১১ জন কাউন্সিলর এবং ১ জন কংগ্রেস কাউন্সিলর গৌতম বসু দিল্লিতে পৌঁছে গিয়েছেন।

রাজনৈতিকমহলের মতে, তাঁদের দিল্লি যাত্রা সম্ভবত বিজেপিতে যোগদান করতেই। এখন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং ও গারুলিয়া পুরসভার ওই ১২ জন কাউন্সিলরের বিজেপিতে যোগদান কার্যত সময়ের অপেক্ষা। নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক তথা গারুলিয়া পুরসভার পুরপ্রধান সুনীল সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন এই পুরসভার উপপুরপ্রধান সুব্রত মুখোপাধ্যায়ও। যদিও সুনীল সিং জানিয়েছেন, তিনি দলীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আজমের শরীফ বেড়াতে গিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।