মিটফোর্ড এলাকা থেকে কেমিকেল গুদাম সরাতে আলটিমেটাম

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় আটটি গুদামে ৩০০ টন কেমিক্যাল মজুদ রয়েছে। এই বিপুল পরিমাণ দাহ্য পদার্থ সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। একই অভিযানে আরমানিটোলা ও আশপাশের এলাকা থেকে শতাধিক মণ রাসায়নিক জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-১০-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে মিটফোর্ড এলাকার নূরজাহান মার্কেট, আরমানিটোলা ও আশপাশ এলাকায় রাসায়নিক দ্রব্যের গুদামে অভিযান চালানো হয়।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় দীর্ঘদিন ধরেই কেমিক্যালের ব্যবসা চলছে। সিটি করপোরেশনের চলমান রাসায়নিক বিরোধী অভিযানের মধ্যেই আজ (মঙ্গলবার) এসব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটটি গুদামে মজুদ করে রাখা ৩০০ টন কেমিক্যালের সন্ধান পাওয়া যায়।

তিনি আরো বলেন, অভিযানকালে বিভিন্ন গুদামে শতাধিক মণ মেয়াদোত্তীর্ণ কেমিক্যালও পাওয়া যায়। এ জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।

সারোয়ার আলম বলেন, অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য এলাকায় কেমিক্যাল সরিয়ে নিতে ব্যবসায়ীরা সাত দিনের সময় চায়। পরে স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়ে তাদের সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা কেমিক্যালের গুদাম অন্যত্র সরিয়ে না নিলে ফের অভিযান চালানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।