মার্কিন গুপ্তচর সংস্থায় প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদে দায়িত্ব পেলেন ভারতীয় নন্দ

মার্কিন গুপ্তচর সংস্থায় প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদে দায়িত্ব পেলেন ভারতীয় নন্দ

আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর অন্যতম শীর্ষ প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদে দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নন্দ মুলচন্দানি। সম্প্রতি সংস্থার তরফে প্রধান প্রযুক্তি কর্মকর্তা নামে একটি নতুন পদ তৈরি করা হয়। এবার সেই পদেই প্রথমবারের জন্য দায়িত্ব পাচ্ছেন নন্দ।

ওই পদে তাঁর নিয়োগের বিষয়টি দিন কয়েক আগেই ঘোষণা করা হলেও সম্প্রতি সংস্থার ডিরেক্টর উইলিয়াম জে বার্নস প্রথমে একটি ব্লগের মাধ্যমে এবং পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সামনে আনেন। এছাড়াও, ইতিমধ্যেই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে যে, সিলিকন ভ্যালিতে প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নন্দর।

এছাড়াও, ওই বিবৃতিতে আরও জানানো হয় যে, যুগের সাথে তাল মিলিয়ে সমগ্ৰ বিশ্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত নিত্য-নতুন যা কিছু আবিষ্কার করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলিকেই কাজে লাগিয়ে পূর্বের অভিজ্ঞতার ওপর ভর করে কীভাবে মার্কিন গুপ্তচর সংস্থার কর্মপদ্ধতি আরও ভালো করা যায়, সেদিকেই নজর দিতে হবে নন্দকে।

দিল্লির ব্লুবেলস স্কুল ইন্টারন্যাশনালে পড়াশোনা করেন ১৯৭৯ থেকে ১৯৮৭ পর্যন্ত।  স্কুলে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ করার পরে কম্পিউটার সায়েন্স এবং অঙ্ক নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করেন নন্দ। তারপরেই তিনি স্ট্যানফোর্ড থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ডিগ্রি লাভ করেন।

শুধু তাই নয়, হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রিও করেন তিনি। আমেরিকার গুপ্তচর সংস্থা তে যোগ দেওয়ার আগে পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদে বহাল ছিলেন নন্দ। ফলে, এই ক্ষেত্রে ইতিমধ্যেই তাঁর বিরাট অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি, নন্দ ব্যবসায়িক কর্মকান্ডের সাথেও জড়িত।

জানা গিয়েছে, একাধিক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তিনি। এমনকি, সেই সব সংস্থায় CEO হিসেবেও সুনিপুণ ভাবে দায়িত্ব সামলে এসেছেন নন্দ।

নন্দ মুলচান্দানি বলেন, ‘আমি এই কর্তব্য নিয়ে CIA-তে যোগ দিতে পেরে সম্মানিত এবং সংস্থার অবিশ্বাস্য প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। তাঁরা ইতিমধ্যেই বিশ্বমানের বুদ্ধিমত্তা এবং সক্ষমতা দেখিয়েছেন। আমি নিজের জ্ঞানের মাধ্যমে তাঁদের সহায়তা করার চেষ্টা করব।’ পাশাপাশি, তিনি জানিয়েছেন, এই মার্কিন গুপ্তচর সংস্থা যাতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির পূর্ণ সদ্ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করবেন তিনি।

সংস্থার ডিরেক্টর উইলিয়াম জে বার্নস জানিয়েছেন, “আমি যেদিন থেকে সংস্থার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই প্রযুক্তিগত দিকটিকে আরও উন্নত করার বিষয়ে ভালো ভাবে মনোনিবেশ করেছি। তবে, বর্তমানে আমাদের নতুন এই প্রধান প্রযুক্তি কর্মকর্তা  পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতাবস্থায়, নন্দ যে আমাদের সঙ্গে যোগদান করেছেন, তাতে আমরা ভীষণ খুশি। পাশাপাশি, নন্দর এই কাজের ওপর দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সংস্থায় নিশ্চিতরূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।