মানুষের মস্তিষ্কে প্লাস্টিক কণার উপস্থিতি বাড়ছে, কমাতে হবে প্লাস্টিকের ব্যবহার

মানুষের মস্তিষ্কে প্লাস্টিক কণার উপস্থিতি বাড়ছে, কমাতে হবে প্লাস্টিকের ব্যবহার

মানুষের মস্তিষ্কে বাড়ছে অতিক্ষুদ্র প্লাস্টিকের কণা। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা-নিরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, আট বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতিক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল, বর্তমানে তা অনেকটা বেশি। গত মে মাসে অনলাইনে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।  গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাস্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অধ্যাপক।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ময়নাতদন্ত করা যেসব মানুষের শরীর থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে, তাদের কিডনি ও যকৃতের চেয়ে মস্তিষ্কে ৭ থেকে ৩০ গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। এ নিয়ে বোস্টন কলেজের অধ্যাপক ফিলিপ ল্যানড্রিগান বলেন, গবেষণায় দেখা গেছে, মানুষের হৃৎপিণ্ড, ধমনি, ফুসফুস, যকৃৎসহ বিভিন্ন অঙ্গে ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে। ২০২৪ সালে এসে কেউই প্লাস্টিক এড়িয়ে চলতে পারেন না। যেমন প্লাস্টিক নেই, এমন মুঠোফোন বা কম্পিউটার পাওয়া যাবে না। তবে কিছু ক্ষেত্রে এর সংস্পর্শে আসা কমানো যেতে পারে, যেমন প্লাস্টিকের ব্যাগ ও বোতল।

ম্যাথিউ ক্যাম্পেন বলেন, ‘৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের প্রতি গ্রাম টিস্যুতে আমরা ৪ হাজার ৮০০ মাইক্রোগ্রাম (১ গ্রাম সমান ১০ লাখ মাইক্রোগ্রাম) প্লাস্টিক কণা পেয়েছি। এটি মস্তিষ্কের মোট ওজনের শূন্য দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, ২০২৪ সালে তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর অর্থ আজকের দিনে আমাদের মস্তিষ্ক ৯৯ দশমিক ৫ শতাংশ, বাকিটা প্লাস্টিক।’

এই প্লাস্টিক আমাদের মস্তিষ্কের কতটুকু ক্ষতিসাধন করতে পারে, সে সম্পর্কে গবেষণা প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়েবে স্ট্যাপলেটন। এই গবেষণা প্রতিবেদনের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই তার।

ফোয়েবে স্ট্যাপলেটন বলেন, ‘এসব প্লাস্টিক কণা তরল কি না এবং সেগুলো মস্তিষ্কে যাচ্ছে আবার সেখান থেকে বেরিয়ে আসছে কি না, তা স্পষ্ট নয়। এগুলো স্নায়বিক টিস্যুতে পাওয়া যাচ্ছে কি না বা তা রোগের কারণ হচ্ছে কি না, তা–ও এই গবেষণায় স্পষ্ট করা হয়নি। কীভাবে মস্তিষ্কের কোষের সঙ্গে এসব কণার মিথস্ক্রিয়া ঘটে এবং এগুলো বিষক্রিয়া ঘটায় কি না, তা বুঝতে আরও গবেষণার প্রয়োজন।’

মাইক্রো ও ন্যানো প্লাস্টিক থেকে বাঁচতে হলে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। অধ্যাপক ফিলিপ ল্যানড্রিগান বলেন, প্লাস্টিকের মোড়কে খাবার রাখা এড়ানো কঠিন। তবে রান্না করার আগে ও মাইক্রোওয়েভ ওভেনে দেওয়ার আগে প্লাস্টিকের মোড়ক থেকে খাবার বের করে নিতে হবে। কারণ, প্লাস্টিক গরম হলে মাইক্রোপ্লাস্টিক কণাগুলো খাবারে গিয়ে মেশে।

প্লাস্টিকের ব্যবহার কমাতে কিছু পরামর্শ দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল। তারা বলছে, লন্ড্রি থেকে কাপড় আনার সময়, তা যেন পলিথিনের ব্যাগে না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কফির দোকানে প্লাস্টিকের মগের ব্যবহার কমাতে সঙ্গে করে ধাতব বা কাচের মগ নিয়ে যেতে হবে। অফিসেও প্লাস্টিকের ব্যবহার কমাতে এ ধরনের পাত্র রাখতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।