ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের এক বিঘা পেঁপে বাগান কেটে দিল দুর্বৃত্তরা

ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের এক বিঘা পেঁপে বাগান কেটে দিল দুর্বৃত্তরা
ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের এক বিঘা পেঁপে বাগান কেটে দিল দুর্বৃত্তরা
যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের লিজ নেওয়া জমির ১৮৬টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মাঠে।
ভুক্তভোগী কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী জানান, সোমবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তার লিজ নেওয়া প্রায় ১৫ কাটা জমিতে রোপণ করা পেঁপে গাছগুলো কেটে দেয়।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখতে পান, তার রোপণ করা প্রায় ৩০০টি পেঁপে গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে ফেলা হয়েছে। নিজাম উদ্দিন পাটোয়ারী গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের বজলুর হক পাটোয়ারীর ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। পেঁপে চাষ করে লাভের আশায় তিনি ওই জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন। ফলন আসার পরই গাছগুলো কেটে দেওয়ায় তিনি আর্থিকভাবে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পেঁপের ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম। তারা ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী কৃষকের সঙ্গে কথা বলেছেন।
ভুক্তভোগী কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী বলেন, “অনেক আশা নিয়ে জমিটি লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলাম। প্রায় ৩০০টি গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেতটি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। কৃষকের ১৮৬টি পেঁপে গাছ কেটে দেওয়ার বিষয়টি দেখা গেছে। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষক পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে ফসল উৎপাদন করেন। তার ফসল নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও ভুক্তভোগী কৃষক তার ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় কৃষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।