ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে মহাসড়কে কোনও প্রকার গবাদিপশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা। তিনি আরও বলেন গবাদিপশুবাহী গাড়িতে কোনও প্রকার চাঁদাবাজিও হতে দেয়া হবে না।
শনিবার দুপুরে নগরীর হালিশহরের পুলিশ সুপার কার্যালয়ে ঈদ-উল-আজহা উপলক্ষে সড়কে-মহাসড়কে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং কুরবানির পশুরহাটের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় পুলিশ সুপার আরও বলেন, পশুর হাটগুলোর নিরাপত্তার পাশাপাশি জাল নোট শনাক্তে মেশিন বসাবে পুলিশ। পাশাপাশি ঈদ উপলক্ষে জেলা পুলিশের তিন হাজার সদস্য দায়িত্ব পালন করবে।
নুরে আলম মিনা আরও বলেন, সড়কে যেন ফিটনেসবিহীন গাড়ি চলাচল না করতে পারে এবং লাইসেন্স ছাড়া কোনও চালক গাড়ি চালাতে না পারে তা মনিটরিং করা হবে।

