বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

মক্কা-মদিনা ছাড়া সৌদির বাকি সব মসজিদে নামাজ পড়া বন্ধ

করোনাভাইরাস মোকাবিলায় বাকি সব দেশের মত সৌদি আরব ও সচেতন। এবার মক্কা-মদিনার হারাম ও মসজিদে নববী ছাড়া বাদে বাকি সব মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিল দেশটির সরকার।

এ প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সারাদেশের সব মসজিদের প্রধান জামাত ও শুক্রবারের জুমার নামাজ স্থগিত করে রিয়াদ।

সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রিয়াদে কাউন্সিলের ওই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আজান দেওয়া হবে।

সৌদি গেজেট লিখেছে, ইসলামি শরিয়া অনুযায়ী সম্ভাব্য ক্ষতি কমাতে মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে। যেহেতু করোনাভাইরাস অতি সংক্রামক, এবং যে কোনো ধরনের জমায়েত এই ভাইরাসের জন্য বড় ঝুঁকি তৈরি করে সেহেতু কাউন্সিল মসজিদ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদিনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদে নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দুটি।

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।

বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। এ ছাড়া প্রায় ৮০ হাজার ৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।