ফেক বা ভুয়া নিউজ ও অপপ্রচার ঠেকাতে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ফেক নিউজ হলে বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ রোববার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে বিটিআরসি, পুলিশ প্রশাসনের সাথে সিআইডি, ডিএমপির বৈঠকে সচিব এসব কথা বলেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেক বা ভুয়া নিউজ ও অপপ্রচার ঠেকাতে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ফেক নিউজ হলে বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তিনি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অপপ্রচার ও ফেক নিউজ রুখতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।
ইসি সচিব বলেন, প্রশাসন ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল থেকে মনিটরিং করবো। এজন্য আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশপাশি কাজ করবে। এছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার যেন নির্বাচনকেন্দ্রিক অপব্যবহার না হয়, কোনও প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। কেউ যদি প্রোপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরাও দেখবো, তারাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় না করতে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করবো।’
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনও ফেক নিউজ না করতে পারে। জাতীয়–আন্তর্জাতিকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।
বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, দপ্তরের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।


