বিনোদন ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘জং’-এর প্রথম পাতা জুড়ে ছাপা হওয়া নার্গিস ফাখরির একটি বিজ্ঞাপন ছাপা হয়। বিজ্ঞাপনটিতে নার্গিস ফাখরি টকটকে লাল পোশাকে, আধশোয়া অবস্থায়; হাতে ধরা একটি মোবাইল ফোন নিয়ে আছে। বিজ্ঞাপনটি চোখে পড়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় চলছে। দৈনিক পত্রিকাটির প্রায় পুরো প্রথম পাতাটি জুড়ে আছেন অভিনেত্রী নার্গিস ফাখরি।
যে কারণে সাংবাদিক থেকে শুরু করে সচেতন সাধারণ মানুষ, সবাই জোর আপত্তি তুলেছেন সংবাদপত্রের প্রথম পাতাজুড়ে ছাপা হওয়া বিজ্ঞাপনের এই বিষয়টি নিয়ে। তাঁদের বক্তব্য-দৈনিক সংবাদপত্র কোনো ম্যাগাজিন কিংবা সাপ্তাহিক পত্রিকা নয়। তাঁদের চোখে সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে ছাপা হওয়া বিজ্ঞাপনটি একেবারেই ‘বেমানান’ এবং ‘আপত্তিকর’।
এ প্রসঙ্গে টুইটারে আপত্তি জানিয়ে তীব্র প্রতিবাদ করেছেন পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক আনসার আব্বাসী। তিনি খুদে ব্লগসাইট টুইটারে এক টুইটে লিখেছেন, ‘দৈনিক সংবাদপত্র কেন প্লেবয় কিংবা সাপ্তাহিক পত্রিকার মতো হতে চাইছে? এ ধরনের বিজ্ঞাপন সাপ্তাহিক পত্রিকাতেই মানায়, সংবাদপত্রে নয়।’
সকালে দৈনিক পত্রিকাটি হাতে পেয়েই নার্গিস ফাখরির এই বিজ্ঞাপনটি চোখে পড়ে মুহাম্মদ আমিরের। তিনি দেখেন দৈনিক সংবাদপত্রটির প্রথম পাতা জুড়ে ছাপা হওয়া এই বিজ্ঞাপনটিতে সংবাদকে ছাপিয়ে নার্গিস ফাখরিই কেবল প্রথম পাতাটিতে আছেন। যেখানে উজ্জ্বল লাল পোশাকে আধশোয়া নার্গিস ফাখরি হাতে ধরে আছেন একটি মোবাইল ফোন।
মুহাম্মদ আমির টুইটারে লিখেছেন, আমার তীব্র আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছি জং গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে। সংবাদপত্রের প্রথম পাতায় এমন বিজ্ঞাপন ছাপার জন্য।
আলিম কাদির নামে একজন লিখেছেন, নার্গিস ফাখরির মতো একজন মেধাবী অভিনেত্রীকে দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় ঠিক এভাবে বিজ্ঞাপনে না এনে আরও ভালোভাবে ভিন্ন কোনো উপায়েও উপস্থাপন করা যেত।
যা হোক, নার্গিস ফাখরি নিজের জন্য না হোক বিজ্ঞাপনটির কল্যাণে আবারও পাকিস্তানে আলোচনায় এসেছেন। এখন দেখা যাক, এই প্রতিবাদ আর আপত্তির মুখে সংবাদপত্রটি কী সিদ্ধান্ত নেয়।
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। নার্গিস ফাখরি ২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। যদিও অভিনয়দক্ষতার চেয়ে প্রেমের গুজবের কারণেই বেশি আলোচিত ৩৩ বছর বয়সী এই তারকা। ‘রকস্টার’ ছবির সহ অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুজবের পাশাপাশি বলিউডের অভিনেতা ও নির্মাতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর বিয়ের খবরও চাউর হয়েছিল।


