আন্তর্জাতিক ডেস্ক: রুশদির বহু আলোচিত বই ‘স্যাটানিক ভার্সেস’ ভারতে নিষিদ্ধ করা ভুল ছিল বলে স্বীকার করেছেন প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পি চিদাম্বরম সালমান।
তার এই স্বীকারোক্তির পর বইটির লেখক রুশদি এক টুইটার বার্তায় চিদাম্বরমকে খোঁচা দিয়ে বলেন, ‘এই ভুল শোধরাতে কত বছর লাগে?’
১৯৮৮ সালে রাজিব গান্ধীর কংগ্রেস শাসনামলে যখন বইটি নিষিদ্ধ করা হয়, ওই সময় রাজিব মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন চিদাম্বরম। ওই বছরের অক্টোবর মাসে রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করা হয়।
শনিবার তিনি বলেন, দ্বিধাহীনভাবেই বলা যায় যে, ওই সময় বইটি নিষিদ্ধ করা ছিল ভুল।
এর প্রতিক্রিয়ায় রুশদি টুইটারে বলেন, ‘২৭ বছর ধরে একটি ভুল রয়ে গেছে। এটি শোধরাতে আর কত বছর লাগবে।’
১৯৮৮ সালে বইটি প্রকাশিত হলে ওই সময়ের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদিকে মৃত্যুদন্ডের ফতোয়া দেন। তাকে হত্যার জন্য পুরস্কারও ঘোষণা করেন খোমেনি।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।