ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৬০ তম বর্ষপূর্তিতে ভারতের সঙ্গে ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল গড়ে তুলতেও আগ্রহী ইউরোপীয়ান ইউনিয়ন। উরসুলার নেতৃত্বে ইইউ এবং ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ ২৫ এপ্রিল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভনডের লিয়েনের বৈঠকে তারা এসব জানান।
এদিনের এই বৈঠকে ভারতকে ‘টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’ বলেই উল্লেখ করেছেন লিয়েন। একই সঙ্গে ইইউ যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী সেকথাও জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ট্যুইটারে লেখেন, ‘এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারেন ইইউ এর প্রেসিডেন্ট উরসুলা ভনডের লিয়েন৷ ভারত এবং ইইউ এর স্ট্রাটেজিক পার্টনারশিপ খতিয়ে দেখেন দুই প্রধান। এছাড়াও বাণিজ্য, পরিবেশ, ডিজিট্যাল টেকনোলজি ও জনসম্পর্ক আরও মজবুত করতে সহমত পোষণ করেছেন দুজনেই।’
এই কাউন্সিল তৈরি হলে ভারত এবং ইউরোপের মধ্যে বাণিজ্য এবং প্রযুক্তি হস্তান্তর আরও সহজ হবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। এই মুহুর্তে শুধুমাত্র আমেরিকার সঙ্গেই এহেন কাউন্সিল রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।
এদিন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা বলেন,ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৬০ তম বর্ষপূর্তিতে আজ এই সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। আমরা বর্ধিষ্ণু গণতন্ত্র এবং বৃহৎ অর্থনীতি। কিন্তু আজ আমরা একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ছি।’


