ভারতে চলমান লোকসভা নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদের নেতৃত্বে দুই সদস্যের একটি দল দেশটিতে সাতদিন অবস্থান করবেন।
চিফ অ্যাকাউন্ট অফিসারের কাছে পাঠানো ইসির উপ-সচিব মঈন উদ্দিন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও যুগ্ম সচিব মো. আবুল কাসেম ভারতের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম ও নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে ৯ মে ভারত যাবেন। ফিরবেন ১৬ মে।
ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রামে অংশগ্রহণ অবস্থায় থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াত খরচ ভারতের নির্বাচন কমিশন বহন করবে। এই প্রোগ্রাম চলবে ১০ থেকে ১৩ মে।
এরপর তারা ১৪ মে থেকে ১৬ মে পশ্চিমবঙ্গের নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন আন্তর্জাতিক যাতায়াত খরচ ও এই সময়ের মধ্যে সব ব্যয় বহন করবে। হেলালুদ্দীন আহমদ ও আবুল কাসেমের সঙ্গে তাদের স্ত্রীও যাবেন। আর এই ব্যয় হবে তাদের ব্যক্তিগত।
ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১১ এপ্রিল। সাত ধাপে ৯০ কোটি ভোটারের নির্বাচন শেষ হবে ১৯ মে। আর ভোট গণনা হবে ২৩ মে।




