জয় কান্ত রায়, স্টার্ফ রিপোর্টার: প্রেমের জন্য মানুষ পারে না এমন কোন কাজ নেই। ইতিহাসেও তার বিভিন্ন নজির পাওয়া যায়। তেমনি করলেন ভারতের শিউলি ও বাংলাদেশি রুবেল।
শনিবার প্রেমিক রুবেলে শেখের (২২) সঙ্গে ভারত থেকে বাংলাদেশে চলে আসে শিউলি (১৭) নামের ওই তরুণী। ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পূর্ব থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে শিউলি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাটাতাঁরের বাহিরে বসবাস করায় এবং ঘনঘন মামার বাড়িতে আসার সুবাদে খালাতো ভাই উপজেলার গংগারহাট মিস্ত্রীপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল শেখের (২২) সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের জের ধরে শনিবার প্রেমিক রুবেলের সাথে ভারত থেকে বাংলাদেশে চলে আসে ওই তরুণী। মেয়েকে খুঁজে না পেয়ে ভারতীয় বিএসএফের কাছে অভিযোগ করেন বাবা সুবেদ শেখ। রবিবার সকালে বিএসএফ বাংলাদেশি কাশীপুর বিজিবি ক্যাম্পে ওই তরুণীকে ফেরত চেয়ে পত্র প্রেরণ করে। বিএসএফের পত্রের প্রেক্ষিতে কাশীপুর বিজিবির সদস্যরা রবিবার দুপুরে রুবেল শেখের বাড়িতে তল্লাশি চালায়।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, মেয়েটির বাড়ি ভারতে হলেও প্রায় সময় সে বাংলাদেশে না ও খালার বাড়িতে আসতো। ফলে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠা স্বাভাবিক।
পরে এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ-উল-আলম জানান, এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, জনপ্রতিনিধিসহ বিজিবির সদস্যরা ওই তরুণীকে উদ্ধারের জন্য জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে।



