ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জেলার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রার্থী মারা যাওয়ায় কিছুদিন আগে মালিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন জোসনা বেগম ও শিউলী বেগম। এঁদের মধ্যে জোসনা বেগম ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও বুধল গ্রামের আলমের সমর্থক। অন্যদিকে শিউলী বেগম মালিহাতা গ্রামের প্রভাবশালী তৈয়ব মিয়ার সমর্থক। আলম ও তৈয়ব মিয়ার সমর্থকদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। নির্বাচনে শিউলী বিজয়ী হওয়ার পর থেকে বুধল ও মালিহাতা গ্রামের দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

