পলাশ দত্তঃ ব্যবসা নয়, জনগণের সেবা করার দিকে মনোযোগী হতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
আজ বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানানো উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক এই শিল্পমন্ত্রী বলেছেন, ওই মনোভাবের কারণেই পাঁচ বছর মন্ত্রী থাকার পরে এখন তিনি স্বচ্ছন্দে রিকশায় চলাচল করেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শিল্পমন্ত্রী ছিলেন দিলীপ বড়ুয়া।
আলোচনা সভায় তরুণ রাজনৈতিক কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা আপনারা রাজনীতি করতে চান, রাজনীতি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ব্যবসা করার জন্য রাজনীতি করবেন না।
তিনি বলেন, “রাজনীতি হচ্ছে জনগণের খেদমত করা। আমরা জনগণের খেদমত করছি, পাঁচ বছর শিল্পমন্ত্রী ছিলাম, আজকে রিকশায় চড়তে কোনা দ্বিধা নেই। কেননা- রাজনীতি হচ্ছে জনগণের জন্য, আর জনগণের সেবা করাই হচ্ছে আমাদের মুখ্য দায়িত্ব।”
ব্যক্তিগত ত্যাগের মধ্য দিয়ে জনগণের উন্নয়নে রাজনীতির দৃষ্টান্ত হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরে বাংলা এ কে ফজলুল হকের কথা উল্লেখ করেন তিনি।
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ওয়াদা অনুসারে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে সব অন্যায়ের বিরুদ্ধে ‘অগ্নি মশাল জ্বালানোর’ কথা বলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতা দিলীপ বড়ুয়া।





