যশোর প্রতিনিধি: সীমানা জটিলতায় আটকে থাকা যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রনালয়, প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বেনাপোল পৌরবাসী আন্দোলন কমিটি।
আজ ২ নভেম্বর দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় নেতৃবৃন্দ নির্বাহী আদেশে পুরাতন সীমানায় নির্বাচনের দাবি জানান।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্মারকলিপি গ্রহণ করেন এবং তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়ার আশ^াস দেন। পরে তারা নির্বাচন কমিশনার, পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় ২০১১ সালের ১৩ জানুয়ারি। পরবর্তীতে এ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ায় তিনটি ইউনিয়নকে পৌরসভার সাথে সংযুক্ত করা হয়। এরপর পৌর মেয়র তার অনুসারীদের দিয়ে মামলা দায়ের করে নির্বাচন বাধাগ্রস্ত করে আসছে। এর ফলে গত ৫বছর ধরে এ পৌরসভায় নির্বাচন হচ্ছে না। দেশের সর্বোচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি করানো হলেও পুনরায় মামলা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা হয়। বর্তমানে ৯টি মামলা চলমান রয়েছে। এ অবস্থায় পৌর এলাকার উন্নয়ন ও নাগরিকদের সেবা নিশ্চিত করতে নির্বাহী আদেশে পুরাতন সীমানায় নির্বাচনের জন্য দাবি পৌরবাসীর।
স্মারকলিপি প্রদানকালে বেনাপোল পৌরবাসী আন্দোলন কমিটির আহবায়ক মোস্তাক হোসেন স্বপন, যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মোহাম্মাদ নূরুজ্জামান, আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা শাহ আলম, সদস্য সচিব মহাসিন মিলনসহ বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি, হ্যা-লিং শ্রমিক ইউনিয়ন, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

