স্টাফ রিপোর্টারঃ সারাদেশ মহামারী করোনাভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা অবস্থায় দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে অর্ধশতাধিক মানুষের সমাগমে বিয়ে আনুষ্ঠানিকতার সময় অভিযান চালিয়ে বর-কনের উভয় পক্ষকে আর্থিক জরিমানা প্রদান করে বিয়ে বন্ধ করে দেয় র্যাব-৪ এর একটি দল।
আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার অদূরে সাভারের সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় বর-কনের উভয়পক্ষের আট জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা কারা হয়। পাশাপাশি বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে শাসিয়ে সর্তক করে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ের এমন আয়োজন খুবই হতাশাজনক।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ উভয় পক্ষ থেকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে।




