গত বছর জনসংখ্যার সর্বোচ্চ শিখরে উঠেছিল চীন। এরপর থেকে দেশটির জনসংখ্যা কমতে শুরু করে। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী। তবে ১৯৮০ সাল থেকে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী। ১৯৫০ সালে জাতিসংঘ তার সদস্য দেশগুলোর জনসংখ্যার হিসাব রাখা শুরু করার পর থেকে এই প্রথম শীর্ষে উঠে এলো ভারত। তবে চীনের হিসাবের মধ্যে অবশ্য হংকং, ম্যাকাও ও তাইওয়ানের জনসংখ্যা যোগ করা হয়নি।
ভারতের তুলনায় চীনা নাগরিকদের গড় বয়স অনেকটা বেশি। চীনে নারীদের গড় বয়স ৮২ বছর, আর পুরুষরা বাঁচেন ৭৬ বছর। অন্যদিকে ভারতে নারীদের গড় বয়স ৭৪ বছর এবং পুরুষরা বাঁচেন ৭১ বছর।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিবেদনে বলা হয়, চলিত বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে। ২০২২ থেকে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকই ঘটবে মাত্র ৮টি দেশে। এসব দেশ হলো হলো- গণপ্রজাতন্ত্রী কঙ্গো (ডিআরসি), মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।


