বিশেষ প্রতিবেদকঃ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে দরজি দোকানি বিশ্বজিৎ হত্যার আপিলের রায় ঘোষণা করেছেন আদালত।
আজ রোববার বিকেলে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্টে দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আলোচিত এ মামলায় বিচারিক আদালতে ৮ আসামির ফাঁসির রায় দিয়েছিলেন। কিন্তু আপিলের রায়ে তাদের মধ্যে দুজনকে খালাস দেয়া হয়েছে। এছাড়া খালাস দেয়া হয়েছে যাবজ্জীবন সাজা পাওয়া ২ আসামিকেও। আর মৃত্যুদণ্ড পাওয়া বাকি চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বিশ্বজিৎ হত্যা মামলায় নিম্ন আদালতে রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ড পাওয়া যেসব আসামি খালাস পেয়েছেন তারা হলেন, কাইয়ুম মিঞা টিপু ও সাইফুল ইসলাম। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন এবং মীর মো. নূরে আলম লিমনকে।

পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
এদিকে বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া বাকি ১১ আসামি কোনো আপিল করেননি। ফলে তাদের বিষয়ে কোনো মন্তব্য করেননি আদালত। আর সেজন্যে তাদের যাবজ্জীবন সাজা বহাল থাকছে।
যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন- ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।
২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ কর্মীরা নির্মমভাবে খুন করেন দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে।
বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ২১ আসামির মধ্যে ৮ জন কারাগারে এবং বাকিরা পলাতক।