বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, তাঁর দল জাতীয় পার্টি দায়িত্বশীলতার সঙ্গে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে।
আজ বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমল সবদিক থেকে দেশ ভালোভাবে চলছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের ভালো ও জনকল্যাণকর কাজের সহযোগিতা করছি। সরকার-বিরোধী দল মিলেমিশে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
‘বিশ্বের সব দেশে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়’ উল্লেখ করে সংসদে রওশন বলেন, ‘শুধু বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হচ্ছে। রাজনৈতিক দল নিজেরা নিজেদের বিশ্বাস না করলে জনগণ তাদেরকে কীভাবে বিশ্বাস করবে।’ তিনি এ বিষয়ে সবাই মিলেমিশে কথা বলে যেটা ভালো তা করার পরামর্শ দেন।
রওশন এরশাদ বলেন, ‘আমাদের লক্ষ্য সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সঙ্গে সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।’
জঙ্গি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের এ নীতি গ্রহণের ফলে জঙ্গি দমনে সাফল্য এসেছে। এতে বিশ্বে বাংলাদেশ দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে।
দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এমনকি এখন খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে খাদ্য রপ্তানি করা হচ্ছে। তবে দেশে এখনো নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। জনগণের জন্য বিশেষ করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান রওশন এরশাদ।




