বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎকেন্দ্রে নাশকতা সৃষ্টি করলে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে ‘বিদ্যুৎ আইন, ২০১৭’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি জানিয়ে বলেন, ১৯১০ সালের একটি অধ্যাদেশ দ্বারা বিদ্যুতের উৎপাদন, সংরক্ষণ, বিপণন কর্মকাণ্ড চলে আসছিল। বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে নতুন আইনের প্রয়োজন দেখা দিয়েছিল। এর আলোকে বিদ্যুৎ বিভাগ আইনের খসড়াটি উপস্থাপন করে।
সচিব জানান, আইনের খসড়ায় বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন স্থাপনায় স্যাবোটাজ বা নাশকতা বা যেকোনো ধরনের ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ কোটি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে বিচারক কোনোভাবেই আসামিকে সাত বছরের নিচে কারাদণ্ড দিতে পারবেন না।
আবাসিক পর্যায়ে চুরি করে বিদ্যুতের সংযোগ নিলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান শফিউল আলম। তিনি জানান, এ ক্ষেত্রে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, তার দ্বিগুণ অথবা ৫০ হাজার টাকা জরিমানা হবে। তিনি আরো জানান, শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ চুরির ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড, যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, তার দ্বিগুণ অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে। এ ছাড়া বিদ্যুতের মিটার টেম্পারিং, সরঞ্জাম চুরির ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।

