বিশেষ প্রতিবেদকঃ বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার পরিকল্পনা নেই সরকারের। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ (বুধবার) সংসদে জাসদের লুৎফা তাহেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়া অনেক ব্যয়বহুল। তাই আমরা আবাসিক খাতে এলপিজি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছি।
প্রতিমন্ত্রী বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সরকার আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরইমধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকা এলপিজির আওতায় চলে এসেছে। বাকি এলাকাও শিগগিরই এর অন্তর্ভুক্ত হবে বলে।
তিনি বলেন, অনেক শিল্প কারখানাও এলপিজি গ্যাসের আওতায় এসেছে।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে আরো ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
এদিকে, সংসদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ক্যাপটিভসহ ১৫ হাজার ৮২১ মেগাওয়াটে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে।
