দেশভাগের পর মুসলমানদের জন্য বাংলাদেশ, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ নির্দিষ্ট ছিল। দেশভাগ হয়েছিল যাতে পাকিস্তান মুসলমান প্রধান রাষ্ট্র হতে পারে এবং বাংলাদেশ প্রধানত হয়েছিল মুসলমানদের জন্য। পশ্চিমবঙ্গ হয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের জন্য। বললেন ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) এমপি রূপা গাঙ্গুলি।
বুধবার ভারতের কলকাতায় বিজেপির এক আলোচনা শেষে তিনি এ কথা বলে বিতর্কের জন্ম দিলেন।
ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর তালিকা নিয়ে এ প্রশ্ন করা হলে তিনি জবাবে এই মতামত দেন। রুপা গাঙ্গুলি আরও বলেন, শুধু হিন্দুরা নয়, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষরাও শরণার্থী, যারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ভারতবর্ষে এসেছিলেন।
শুধু রূপা গাঙ্গুলিই নয়, এনআরসি বিলের সমর্থনে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ওম মাথুর ১২ আগস্ট বলেছিলেন, এই দেশটিকে ‘ধর্মশালা’ বানাতে দেয়া চলবে না এবং ২০১৯ সালে জাতীয় নির্বাচনের পর সারা ভারতজুড়ে এনআরসি বাস্তবায়ন করা হবে।
সেই বক্তব্যে ওম মাথুর আরও বলেছিলেন, পুরো ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এরকম কোনও শহর নেই যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আক্রমণ থেকে মুক্ত আছে।



