বাংলাদেশ তিনটি বড় যুদ্ধের ভেতরে রয়েছে

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ এ মুহূর্তে তিনটি বড় যুদ্ধের ভেতরে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই যুদ্ধগুলো হলো- টেকসই উন্নয়ন অর্জনের যুদ্ধ, জঙ্গিবাদ নির্মূলের যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধ।তথ্যমন্ত্রী বলেন, প্রতিটি যুদ্ধক্ষেত্রেই সরকারের আন্তরিকতার পাশাপাশি গণমাধ্যম সরকারের সঙ্গে রয়েছে এবং আগামীতেও থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

আজ মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

আগামীকাল বুধবার থেকে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ হ্রাস বিষয়ে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলন হতে যাচ্ছে ঢাকায়। বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেছেন, গণতন্ত্র, গণমাধ্যম, দুর্যোগ ও জলবায়ু নিয়ে আলোচনার উত্তম স্থান বাংলাদেশ। এ বিষয়ে দেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসেটাই প্রমাণ করে বলেও মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘পৃথিবীর সাংবাদিক, ব্রডকাস্টাররা আমাদের আমন্ত্রণে তাঁরা আসছেন। সুতরাং বাংলাদেশ যে একটা গণতন্ত্র বিষয়ে আলোচনা করার জন্য, গণমাধ্যম বিষয়ে আলোচনা করার জন্য, দুর্যোগ ও জলবায়ু বিষয়ে আলোচনা করার জন্য একটা উত্তম স্থান। বাংলাদেশ এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সেই বিষয়ে এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মধ্যে দিয়ে আমরা সেটাই প্রমাণ করছি।’

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের ১৭টি দেশ থেকে সাংবাদিকসহ অর্ধশত বিদেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। আর মোট অংশগ্রহণকারীর সংখ্যা তিন শতাধিক। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘জীবন বাঁচাতে গণমাধ্যম’।

মন্ত্রী বলেন, সম্মেলনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনদিনের সম্মেলনে জলবায়ু পরিবর্তনসহ দুর্যোগ সম্পর্কে আটটি বিষয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতামতের সমন্বয় করে অধিবেশন শেষে ‘ঢাকাঘোষণা’ দেওয়া হবে। আর এই ঘোষণা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের দুর্যোগ সম্মেলনে উপস্থাপন করা হবে।

তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে তথ্য সচিব মরতুজা আহমদ,বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এমহারুণ অর রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসিরউদ্দিন আহমেদ ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।