বিশেষ প্রতিবেদকঃ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযানে গিয়ে কয়েকজন শুল্ক কর্মকর্তা ব্যবসায়ী ও দোকানকর্মীদের রোষানলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগে কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসময় প্রায় ১৫০ মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপরে।
জানা গেছে, মোবাইল ফোন জব্দ করে বের হয়ে আসার পথে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের রোষানলে পড়েছেন এডিজি জিয়া উদ্দিনসহ শুল্ক গোয়েন্দার বেশ কয়েকজন কর্মকর্তা। তাদের নিরাপত্তায় শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন র্যাচব ও পুলিশ সদস্যরা।
অভিযান শেষে এডিজি জিয়া উদ্দিন গাড়ি ঘুরিয়ে বেরোতে চাইলে সামনে ব্যারিকেড দিয়ে বসে পড়েন ব্যবসায়ী ও কর্মচারীরা। ব্যারিকেডের মুখে শুল্ক গোয়েন্দা জিয়া উদ্দিন ও তার টিম আটকা পড়ে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এদিন মোট তিনটি টিম বসুন্ধরা সিটিতে অভিযানে গিয়েছিল। দুটি টিম বের হয়ে আসলেও একটি টিমকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে শুনেছি।
তিনি জানান, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে মোবাইল ফোন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা।


