বরিশাল সিটি কর্পোরেশন ৩০নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইমরান মোল্লার কর্মী সুবে জাকারিয়ার সঙ্গে যুবলীগ নেতা অসীম দেওয়ান গ্রুপের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদ উদ্দিন, মাহাদি, মাসুদ, হাসান, তুহিন, রাহাত। বাকিদের পরিচয় জানা যায়নি।
রোববার (৯ জুলাই) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় নগরীর কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা জানান, শনিবার দুপুরে বিসিসি’র নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সমর্থকসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বাসযোগে বরিশাল ফিরছিল। বহরের একটি বাসে ৩০নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইমরান মোল্লার কর্মী সুবে জাকারিয়ার সঙ্গে যুবলীগ নেতা অসীম দেওয়ানের কর্মী মেহেদী ও সোহেলের বাদানুবাদ হয়। পরে একই দিন সন্ধ্যায় বহরের বাসটি নগরীর কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার কর্মীদের সঙ্গে অসীম দেওয়ানের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. মফিজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর প্রায় ১৫ জন হাসপাতালের সার্জারি ও অর্থপেডিক্স ইউনিটে ভর্তি হয়েছেন। তবে তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।
কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



