বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে অংশীদার হতে চান ভারত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ ৮ আগস্ট নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে গেলে ভারতের প্রধানমন্ত্রী এই আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের অকাল মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।

১৭ তম লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে দ্বিতীয় বারের মত ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তৃতীয় বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির ভূয়সী প্রশংসা করেন মোদি। সীমান্তে মাদকসহ সকল চোরাচালান বন্ধে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় ভারতের প্রধানমন্ত্রী সীমান্তে মাদক চোরাচালান বন্ধসহ একটি নিরাপদ ও কার্যকর সীমান্ত প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। আসাদুজ্জামান রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারত ইতোমধ্যে মায়ানমারের সরকারের সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনা করেছে এবং ভারত মনে করে এ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।  রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মায়ানমারের সঙ্গে আলোচনা করে সহযোগিতার আশ্বাস দেন মোদি।

বাংলাদেশের ভূমি ব্যাবহার করে কোন সন্ত্রাসী, জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাতে দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে বাংলাদেশের গৃহীত নীতির ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বে বাংলাদেশকে এক রোল মডেল বলে অভিহিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি অবলোকন করার বিশ্ব নেতৃবৃন্দকে বাংলাদেশ ভ্রমণের পরামর্শ দেন ভারতের প্রধানমন্ত্রী।

এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষাসেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান, আইজিপি ড. মোঃ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।