বিশেষ প্রতিবেদকঃ কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফেরত দিতে দেশটির প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী হাইকমিশনার বেনোয়া পিয়েরে লাঘামে গণভবনে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী কানাডার হাইকমিশনকে বলেন, নূর চৌধুরী নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর এক খুনি কানাডায় অবস্থান করছে। তাকে আপনারা ফেরত দিন। জবাবে বেনোয়া পিয়েরে বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার অনুরোধ পৌঁছে দেব।
তিনি বলেন, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে আসছে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও আলোচনা হয়। বেনোয়া পিয়েরে প্রধানমন্ত্রীকে বলেন, আমরা সবার অংশগ্রহণমূলক ভোট দেখতে চাই। যাতে দেশের সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়।
তখন প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর এ দেশে কোনো গণতন্ত্র ছিল না। আমরাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছি। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছ ব্যালটবাক্স চালুসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা তুলে ধরেন হাইকমিশনারের কাছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটের বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। দশম সংসদ নির্বাচনের সময় আমরা বিএনপিকে একটি কোয়ালিশন সরকার গঠনের কথা বলেছিলাম। যে মন্ত্রণালয় চায় সেটিও দেব বলেছিলাম, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দেয়নি। নির্বাচনেও অংশ নেয়নি।


