দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: পুরাতন জেএমবি উত্তরাঞ্চলীয় প্রধান আতাউর রহমানসহ চার জঙ্গিকে ২৪ নভেম্বর দিবাগত রাত ১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ সদস্যারা। এসময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও বগুড়া গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি বিভাগ প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান ও নওগাঁ জেলার দায়িত্বশীল মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল (৪২), পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭), পুরাতন জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল মিজানুর রহমান(২৪)। তবে গ্রেফতারকৃদের আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে সংবাদিকদের জানান পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম ।
২৪ নভেম্বর রবিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা ঐ স্থানে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। তারা কী কারণে বৈঠক করছিল তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে, এ কারণে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। গ্রেফতারকৃতদের কাছে থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ২টি চাপাতি, চাকু, ১ কেজি বিস্ফোরক, ৮টি গ্রেনেড বডি, ১০টি গ্রেনেড তৈরির সার্কিট বডি, ১০০ কে ৩০টি রেজিস্টেন্স, ১০০ কে ১৫টি ক্যাপাসিটরসহ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, রংপুরের কাউনিয়া উপজেলার বেটুবাড়ী আ. করিম সরকারের ছেলে আতাউর রহমান সেখানকার একটি স্কুলের ল্যাব সহকারী। তার বিরুদ্ধে ২০১৬ সালে সন্ত্রাস নিরোধ আইনে মামলা হয়। ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দিয়ে রংপুর বিভাগের দাওয়াতি বিভাগের কার্যক্রম পরিচালনা শুরু করে। ২০১৮ সাল হতে সে রংপুর ও রাজশাহী বিভাগে দাওয়াতি বিভাগের প্রধান হয়ে তিনি ছদ্মবেশে ডিম, পেপার বিক্রি করে দাওয়াতি কার্যক্রম চালাতেন।
নওগাঁ জেলার পোরশা থানার কাশিপাড়া গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে মিজানুর রহমান ওরফে নাহিদ ২০০৪ সাল থেকে জেএমবির সক্রিয় সদস্য। সে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে নওগাঁ জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে, তাদের কারাবন্দি পরিবারকে টাকা দিত।
পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বে থাকা জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) গাইবান্ধার রামচন্দ্রপুর সোনারপাড়া গ্রামের আ. গফ্ফারের পুত্র। ২০১১ সালে ঢাকায় সোয়েটার কোম্পানিতে চাকরিকালীন জেএমবিতে যোগ দিয়ে গাইবান্ধা জেলায় দাওয়াতি কার্যক্রম শুরু করে। ঢাকাসহ বিভিন্ন জেলায় ছদ্মবেশে ডিম, পেপার ও পাপ্পন বিক্রি করে দাওয়াতি কার্যক্রম চালাত। সে মিজানুর রহমান ওরফে নাহিদের জামাতা।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর বাধ করমজাপাড়া গ্রামের হামিদুল ইসলামের পুত্র মিজানুর রহমান বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ সালে সে পুরাতন জেএমবিতে যোগদান করে পরের বছর জেলার দায়িত্বশীল হয়ে কার্যক্রম পরিচালনা করে। সে বগুড়া পৌর টেকনিক্যাল অ্যান্ড কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাশ করে।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন-পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, ওসি ডিবি আছলাম আলীসহ পুলিশ কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের জেএমবির প্রধান টাঙ্গাইলের তৌকির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ক্রসফায়ারে নিহত হওয়ার পর আতাউর রহমান এই দায়িত্ব পান। সেই থেকে তারা নিষিদ্ধ এই সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। তবে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদের কর্মকা- সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়।