নিজস্ব সংবাদদাতাঃ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বগুড়ায় নতুন করে চিকিৎসক, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ আরও ১০৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১৬ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের এবং সুস্থ হয়েছেন ২৮৩ জন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
এদিকে সোহেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এবং উপসর্গ নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মাসুমের মৃত্যু হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৫ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৪৬টি নমুনার মধ্যে ৪৪ জনসহ মোট ১০৯ জনের পজিটিভ এসেছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিট ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।
তিনি জানান, বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে গত ২৪ জুন পর্যন্ত জেলায় মোট ১৬ হাজার ১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৩ হাজার ৯৮৪ জনের।



