সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১২ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় পুলিশের ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহানারা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার (১৬ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়।
এরমধ্যে ১৪ জনের পজিটিভ। ১৪ জনের মধ্যে ১২ জনই বগুড়ার পুলিশ সদস্য । বাকি দুইজনের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যোগদানকৃত নার্স। তিনি ঢাকা থেকে গত ৭ মে ফিরেছেন। অপরজন বগুড়া সদরের গোকুল এলাকার ট্রাক চালক। গত ১৩ মে তিনি ঢাকা থেকে ফিরেছেন।
এনিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৭৫ জন। এদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সুস্থ হয়ে বাড়ি ফেরা নার্স গত ৪ মে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান,শনিবার (১৬ মে) শনাক্ত ১২ জনসহ জেলা পুলিশের ২১ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত সদস্যরা পুলিশ সুপারের কার্যালয়, গোয়েন্দা শাখা, আদালত এবং পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে ছিলেন বলে তিনি মনে করেন।



