যশোর প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় যশোর জেলা ইমাম পরিষদের আয়োজনে দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ইমাম পরিষদ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমারা ইসলাম ফোবিয়া ভুগছেন। যে কারণে তারা ইসলাম ধর্মের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করেন। ফ্রান্স যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তা ক্ষমার অযোগ্য। এর প্রতিবাদে তাদের উৎপাদিত সকল পণ্য বর্জনের আহবান জানান নেতৃবৃন্দ। একইসাথে মুসলিম রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে সংসদে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে হাজার হাজার মুসুল্লিদের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি মণিহার বাসস্ট্যান্ড জামে মসজিদে গিয়ে শেষ হয়। মিছিল থেকেও ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়।


