প্রেসক্লাব-পল্টন বাম দলের দখলে

নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে হরতাল পালন করছে বাম দলগুলো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত সড়ক দখল করে খণ্ড খণ্ড মিছিল করছে সিপিবি-বাসদ ও বাম মোর্চা।

এসব মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ সিপিবি-বাসদ ও বাম মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতারা।

ফলে সকাল থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পল্টন, প্রেসক্লাব ও হাইকোর্ট হয়ে চলাচলকারী পরিবহনগুলো কাকরাইল হয়ে বিকল্প সড়ক ব্যবহার করছে। এছাড়া দৈনিক বাংলা মোড় ও গুলিস্থান থেকে আসা যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে অর্ধদিবস এই হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। হরতালের সমর্থনে সকাল ৬টা থেকেই শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, মতিঝিল এলাকায় ছোট আকারে কয়েকটি খণ্ড খণ্ড মিছিল বের হয়।

রাস্তায় গাড়ি তুলনামূলক কম হলেও জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটগুলো খুলছে। সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে। মানুষকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে দেখা গেছে। হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।