প্রধানমন্ত্রীর কথায় ক্লাসে ফিরে যাওয়ায় শিশু কিশোরদের প্রতি কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ প্রতিবেদকঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মা হিসাবে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সকল যৌক্তিক দাবী মেনে নিয়েছেন। তাঁর নির্দেশে সরকার দাবীগুলো বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ সভায় সড়ক পরিবহন আইন পাশ হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়ে পড়াশোনা শুরু করায় শিশু কিশোরদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী।

আজ রাজধানীর আজিজ কো-অপারেটিভ মার্কেটে রাজনৈতিক গবেষক ও লেখক সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা-ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ‘বাংলা বিচিত্রা’ ও ‘অনন্যা প্রকাশনা’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম বাংলাদেশের জনগণকে মানসিক, সামাজিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ করেছে। তাঁর সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রমও প্রত্যক্ষভাবে বাংলার অবহেলিত মানুষকে পথ দেখিয়েছে। কবিগুরু নিজেও হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা করতেন বলে তাঁর চিকিৎসা-ভাবনাও ছিল নিরন্ন ও দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে। সাধারণ মানুষ যেন অতি স্বল্প খরচে চিকিৎসা সেবা পায় সেজন্যে তিনি সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছিলেন। তিনি বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিককে শক্তিশালী করার পদক্ষেপ হাতে নিয়েছে। বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ জেলা ও উপজেলা হাসপাতালগুলোর উন্নয়নে সরকার গত নয় বছর কাজ করেছে। দেশের মানুষ তার সুফল পাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. এ কে আজাদ চৌধুরী, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক ও লেখক আনিসুল হক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোমিনুল হক, অনন্যা প্রকাশনার কর্ণধার মনিরুল হক, গ্রন্থের রচয়িতা সুভাষ সিংহ রায় বক্তৃতা করেন।

১৫ আগস্ট সরকারি হাসপতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট কমিউনিটি ক্লিনিকসহ দেশের সব সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। ঐদিন সকল সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগে ২৪ ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার নির্দেশ দেন মন্ত্রী।

আজ সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ দেন।

এছাড়া ১৫ আগস্ট সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু প্রতিকৃতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক প্রদান এবং অধিদপ্তরগুলোতে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ সারা দেশে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রনালয়।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে চাপ বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিয়ে মিয়ানমারের উপর চাপ বাড়াতে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ দুপুরে সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনদার (Mikael Hemniti Winther) স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এই আহ্বান জানান।

ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশে যৌথভাবে ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণের আহ্বান জানালে মন্ত্রী তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।