প্যারিসে ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিতে প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সরকারি সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে সোমবার সকাল সোয়া ১০টার পর ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

দুবাইয়ে দেড় ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্ব নেতৃবৃন্দকে মঙ্গলবারের এ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে ‘ওয়ান প্ল্যানেট সামিট’ অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। এই চুক্তির দুই বছর পূর্তিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সামিটে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করবেন। সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশগ্রহণ করবেন।

এদিকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। দুপুরে ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দেয়া নেতৃবৃন্দের সম্মানে ফরাসি প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

বিকেলে ওয়ান প্ল্যানেট সামিটে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

তিন দিনের সফর শেষে ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।