নিত্যপণ্যের বাজার মনিটরিং জোরদার, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ নেই

                  পেঁয়াজের সাম্প্রতিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোন সংগত কারণ নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

                আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। দেশে উৎপাদিত পেঁয়াজ (মুড়িকাটা) বাজারে এসেছে এবং বিভিন্ন দেশ থেকে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং হচ্ছে। এখনও প্রতিদিন আমদানিকৃত পেঁয়াজ দেশে আসছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমদানিকারকদেরকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি বাজারে পর্যাপ্ত দেশি ও আমদানি করা পেঁয়াজ সরবরাহ ও মজুত রয়েছে।

          বাণিজ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, সরকার পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাজার অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাজারে পেঁয়াজ, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য তদারকির জন্য ব্যাপকভাবে বাজার অভিযান চালানো হবে। পাশাপাশি জেলা প্রশাসন দেশব্যাপী এ অভিযান জোরদার করবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিভাগ ও জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ব্যবসায়ীদেরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য, ক্রয়মূল্যের চালান বা রশিদ সংরক্ষণে রাখার অনুরোধ করা হচ্ছে। একই সাথে দোকানে বিক্রয়মূল্যের তালিকা দোকানে টাঙিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। অন্যায়ভাবে কোন ব্যবসায়ীকে হয়রানি করা হবে না, কারসাজি করে অন্যায়ভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করলে, মূল্য বৃদ্ধি করলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্ট করলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

          পেঁয়াজের আমদানি, সরবরাহ ও বিক্রয়মূল্যের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সরকার টিসিবি’র মাধ্যমে ঢাকা-সহ দেশব্যাপী প্রায় দুইশত  ট্রাক সেলের মাধ্যমে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রয় অব্যাহত রেখেছে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এ বিক্রয় অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।