গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামে অগ্নিদ্বগ্ধ ৯ বছরের শিশু মরিয়ম কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালেন গ্রামবাসী। ১৫ জুন তার অগ্নিদগ্ধ মা পারুল পারভীন ও ১৭ জুন তার ছোট ভাই ইদ্রিস খুলনা হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরন করে।
হতদরিদ্র পিতা মিজানুর রহমান নিজেও অগ্নিদগ্ধ। তার সামর্থ নেই মরিয়মকে উন্নত চিকিৎসা করানোর। চোখের সামনে স্ত্রী-পুত্রের মৃত্যু দেখা ছাড়া তার আর কিছুই করার ছিলনা। ঠিক সেই ভাবে যখন বাড়ীতে বসে মেয়ে মরিয়মের মৃত্যু দেখা ছাড়া উপায় ছিলনা ঠিক তখন তার চিকিৎসার জন্য এগিয়ে আসে গ্রামের আপামর জনসাধারন। তারা একজোট হয়ে টাকা তুলে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য মরিয়মকে পাঠানোর ব্যবস্থা করেন।
মঙ্গলবার (১৯জুন) তাকে ঢাকায় পাঠানো হচ্ছে এমন খবর পেয়ে মরিয়মের স্কুলের শিক্ষকদের সাথে নিয়ে অসহায় মরিয়মের বাড়ি হাজির হন প্রধান শিক্ষক আব্দুর রহিম। তার সাথে কথা বললে তিনি জানান, মেয়েটির অবস্থা স্বচক্ষে দেখলে কোন স্বহৃদয়বান ব্যক্তি চোখের পানি না ফেলে পারবেন না। আমরা স্কুলের পক্ষে যৎসামান্য চেষ্টা করেছি। তিনি মরিয়মের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও যার যার অবস্থান থেকে এই অসহায় পরিবারটির পাশে দাড়াতে আকুল আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত. গত ১১ জুন রাতে দোকানের পেট্রোল বিক্রি করতে যেয়ে অসাবধানতা বসত অগ্নিদগ্ধ হয় একই পরিবারের ৫ জন। এরমধ্যে খুলনা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মা পারুল (১৫ জুন) ও শিশুপুত্র ইদ্রিস (১৭ জুন) মারা যায়।


