পৃথিবীর সব দেশেই তারকারা মনোনয়ন পেয়ে থাকেন: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির সাবেক সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি দলের দলনেতা সাকিব আল হাসান। আজ বুধবার গণভবনে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠে আসে।

তারকাদের রাজনীতিতে আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীর সব দেশেই তারকারা মনোনয়ন পেয়ে থাকেন। এটা নতুন কিছু নয়। কারো আকাঙ্ক্ষা থাকলে নিশ্চয়ই আসবে। তাঁরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, খেলাটাকে ভালো অবস্থানে নিয়ে এসেছেন। পৃথিবীর সব দেশেই এটা দেখা যায়। তার মানে এই নয় যে তৃণমূলের নেতারা মনোনয়ন পান না। আমরা সবাই তৃণমূল থেকে এসেছি। স্কুলজীবন থেকে রাজনীতি করে উঠে এসেছি। আমরা সেলিব্রেটি হয়ে আসিনি। কাজেই আমরা তো আছিই।’

গতকাল মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন মাশরাফি-সাকিব। একনেকের সভা শেষে মুস্তফা কামাল বলেছিলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করতে পারেন মাশরাফি, করলে আপনারা ভোট দেবেন। তাঁকে সহযোগিতা করবেন।’

আর সাকিব প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তাঁর (সাকিব) বয়স হয়েছে। সে নির্বাচন করতেই পারে।’ গত ২৫ ও ২৬ মে ভারতে রাষ্ট্রীয় এক সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সেখানেই উঠে আসে মাশরাফি-সাকিবের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি।

অবশ্য মাশরাফি ও সাকিব দুজনই এখনো জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। মাশরাফি এখনো ওয়ানডে খেলে যাচ্ছেন আর সাকিব তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।