পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় গত কয়েক দিনের ভারী বর্ষণে রাড়ুলীর বিস্তির্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অতিরিক্ত পানিতে তলিয়ে গেছে ফসলের জমি, পুকুর-জলাশয় ও চিংড়ি ঘের। পানিবন্দি হয়ে পড়েছেন সহস্রাধিক পরিবার।
উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার রাড়–লী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।
অত্র ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ওয়ার্ডের বিস্তির্ণ এলাকা তলিয়ে গেছে। বসতবাড়ীর উঠানে পানি জমে ইউপি সদস্য সহ সহস্রাধিক পরিবার গত ৫ দিন পানিবন্দি হয়ে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে অসংখ্য পুকুর জলাশয় ও চিংড়ি ঘের।
পানি নিষ্কাসন ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাসনের জন্য আবাসন প্রকল্পের পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণের দাবী জানিয়েছেন।





