পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান 

পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান 
শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান 
মঙ্গলবার (সেপ্টেম্বর ১, ২০২৬) ২৩ নম্বর পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বিদ্যালয়টি থেকে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বিশেষ উল্লেখ্য যে, পাইকগাছা উপজেলায় মোট ৫৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করলেও এর একটি বড় অংশ অর্থাৎ ১৯ জনই এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সচিন্দ্র নাথ বিশ্বাস ও খালিদ হোসেন।
সহকারী শিক্ষক রত্নেশ্বর বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, এসএমসি সদস্য পম্পা মন্ডল, শিক্ষক আল-আমীন, রহমত আলী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান লিটু।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অভূতপূর্ব সাফল্য পুরো উপজেলার জন্য গর্বের। এই অর্জন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
শুধু পড়াশোনা নয়, নিয়মিত শৃঙ্খলা বজায় রেখে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।