আজ ১ ফেব্রুয়ারি পল্লীকবি জসীম উদদীন এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
পল্লীকবি জসীম উদদীন এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে ‘জসীম পল্লীমেলা ২০২৪’ আয়োজিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি।
কবি জসীম উদদীন গ্রাম বাংলার মানুষের সংগ্রামী জীবন-জীবিকার কথা সাহিত্যের পাতায় পাতায় তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে একটি বিশেষ আসনে অধিষ্ঠিত করেন। আবহমান পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি জসীম উদদীনের কবিতার ভাব, ভাষা, রস ও বর্ণে ফুটে উঠে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদদীন ছিলেন পরম বন্ধু। তাঁদের পরস্পরের প্রতি ছিলো অপরিসীম শ্রদ্ধাবোধ। বঙ্গবন্ধু শেখ মুজিবকে সর্বদা সাহিত্য-সংস্কৃতির অবিরল এক অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করতেন কবি জসীম উদদীন ।
আমি বিশ্বাস করি, জসীম পল্লীমেলা কবির অনন্য সাহিত্য প্রতিভা এবং দেশাত্মবোধ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আমি ‘জসীম পল্লীমেলা-২০২৪’ এর সার্বিক সাফল্য কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
