পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বৃদ্ধি করবে ইউএনডিপি -পরিবেশ ও বন মন্ত্রী

পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বৃদ্ধি করবে ইউএনডিপি -পরিবেশ ও বন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করবে। এলক্ষ্যে বর্তমান সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

মন্ত্রী আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, সরকার বর্জ্যমুক্ত বিদ্যালয় ও গ্রাম কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপির সাথে কাজ করতে আগ্রহী। জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভাবন ও গবেষণা, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়েও দু’পক্ষ একযোগে কাজ করবে।

স্টেফান লিলার বলেন, ইউএনডিপি বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, সেন্সর বেইজড মনিটরিং, জলাভূমি সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রমে একযোগে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, প্রোগ্রাম বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পূর্বে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি এডভাইজার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঢাকা আহসানিয়া মিশনের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশে তামাকের ব্যবহার কমানোর বিষয়ে আলোচনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।